গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে তামজিদ হোসেন শুভ (২৩) ও মোঃ সিয়াম (২৩) দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে তেজগাঁও থানার বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা শুধু মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো চুরি করে। যার কাছ থেকে চুরি করে পরে কৌশলে তার কাছেই বিক্রি করে সে যন্ত্রাংশ!
গ্রেফতার শুভ ও সিয়াম পেশাদার চোর। শুভর বিরুদ্ধে ৪ টি ও সিয়ামের বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। ঢাকায় গাড়ির যন্ত্রাংশ চুরির সংঘবদ্ধ যে কয়েকটি চক্র আছে তার মধ্যে শুভ, সিয়াম অন্যতম। তারা শুধুমাত্র মার্সিডিজ বেঞ্জ ও হ্যারিয়ার গাড়ির লোগো, স্টিকার, লুকিং গ্লাস ইত্যাদি চুরি করে। পরে স্বল্প দামে ধোলাইখালে বিক্রি করে দেয়। যে ব্যক্তির গাড়ির যন্ত্রাংশ চুরি হয় তিনি যখন আবার এ ধরণের যন্ত্রাংশের খোঁজে ধোলাইখাল এলাকায় যান, তখন তার কাছেই উচ্চমূল্যে এগুলো বিক্রি করা হয়। দামি লোগো, স্টিকার, লুকিং গ্লাস চুরি করা সহজ, আবার দাম বেশি। তাই এগুলো তারা চুরি করে বলে জানান। এসব গাড়ির লুকিং গ্লাস, লোগো, স্টিকারের দাম লাখ টাকা।
গতকাল রাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে রাখা একটি হ্যারিয়ার গাড়ির স্টিকার চুরির চেষ্টা করে তারা। এসময় গাড়ির ড্রাইভার দেখলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে ৯৯৯ এ ফোন দিলে তাদের গ্রেফতার করা হয়।